পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত
- আপডেট: ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১০৭

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আমিরাতে ২৭ মে ঈদুল আজহা উদযাপন হতে পারে। খবর গালফ নিউজ’র।
জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, মুসলমানদের পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব সীমাহীন। কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। নৈকট্য, ত্যাগ, উৎসর্গের মাধ্যমে আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি। নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক দুই মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম। তবে ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চাঁদ দেখা অনুযায়ী এই সম্ভাব্য তারিখ পরিবর্তিত হতে পারে।




























