ইরানকে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
- আপডেট: ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স’র।সংবাদ বিশ্লেষণ
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে শান্তি আলোচনা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবের সম্ভাব্য শর্তগুলোর মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
বিনিময়ে ইরানের জন্য সম্ভাব্য সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবগুলো গ্রহণ করলে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সংঘাত চতুর্থ সপ্তাহে পৌঁছেছে।
বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি ব্যবহারে বহু হতাহতের ঘটনা ঘটেছে। অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বৈশ্বিক তেলের বাজার ও বিমান চলাচলেও অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ১৫ দফার এ প্রস্তাব সংঘাত নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ খুলে দিয়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে, যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।
























