যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল উইন কোরেক্সসহ আটক-৩
- আপডেট: ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে অভিযান চালিয়ে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিটে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেন ও এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাজল বেগমের বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মো. রকিবুল ইসলাম (৩৫)-এর ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ২০ বোতল, মো. ওহিদুল ইসলাম শেখ ওরফে ওহিদুল (৩৫)-এর হাতে থাকা ব্যাগ থেকে ১০ বোতল এবং মো. আরাফাত মোল্লা (২৮)-এর হাতে থাকা ব্যাগ থেকে আরও ১০ বোতল উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স জব্দ করে ডিবি পুলিশ।
আটক রকিবুল ইসলাম চৌগাছা থানার আফরা (চান্দা আফরা) গ্রামের আনার মিয়ার ছেলে। ওহিদুল ইসলাম শেখ যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া (বিবি রোড) এলাকার সাইদুল ইসলাম শেখের ছেলে। আর আরাফাত মোল্লা যশোর পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (১৫ মার্চ ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















