যশোরে ডিবির অভিযানে ক্রিস্টাল আইস তৈরির বিপুল কাঁচামালসহ নারী আটক
- আপডেট: ১০:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মরণনেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই অলক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস টিম কোতোয়ালী থানার মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আটক নারী জিজ্ঞাসাবাদে তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের একটি বক্স তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে মরণনেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়। উদ্ধারকৃত কাঁচামাল জব্দ করা হয়েছে।
আটক নারীর নাম শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা জেলার সদর থানার আখড়া খোলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আক্তারুজ্জামান।
ডিবি সূত্রে জানা গেছে, আটক আসামিকে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















