যশোরে বিজিবির অভিযানে ২ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- আপডেট: ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি ২৩৩.২৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ১০টা নাগাদ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে ২টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং নগদ ১,৩২০/- টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়।
আটককৃত আসামি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালিনগর গ্রামের আলী আহমেদ এর ছেলে আবু সাইদ (৪১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবু সাইদ ঢাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
স্বর্ণের বারগুলোর বাজারমূল্য ৫৪,০৮,৮২৮/- টাকা এবং মোবাইলের মূল্য ২০,০০০/- টাকা সহ নগদ ১,৩২০/- টাকা মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৪,৩০,১৪৮/- (চুয়ান্ন লক্ষ ত্রিশ হাজার একশত আটচল্লিশ) টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণের বার দুটিকে যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম রুখতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। যশোর সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে।”




















