অভয়নগরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ যুবক গ্রেফতার
- আপডেট: ০৭:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর থানার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেল বোমাসহ মোঃ সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভয়নগর থানার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সুলতান গাজীকে গ্রেফতার করা হয়। তিনি অভয়নগর আড়পাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও উদ্ধার করা আলামত অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সুলতান গাজীর বিরুদ্ধে এর আগে অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬, সিপিসি-৩ (যশোর) কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, নিয়মিত মামলার আসামি ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, নাশকতাকারী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র্যাব কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





















