সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক
- আপডেট: ০৭:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন চৌগাছা সীমান্তের হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫ বোতল Eskuf সিরাপ ও ৫৫ বোতল Vinsarex সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করা হয়।
এছাড়া আটককৃত অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১২২টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১৩টি কম্বল, ১১টি পোশাক সামগ্রী, ১ কেজি জিরা এবং ৯১২টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে। অপরদিকে চোরাচালান পণ্যসমূহ বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















