স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবেন: মাওলানা আজীজুর রহমান এমপি
- আপডেট: ০৮:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ২৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সভায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্টসহ অন্যান্য চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমো এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, শার্শা উপজেলার মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সমন্বয় করা হবে। তিনি উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





















