ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫
- আপডেট: ১২:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৬৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট প্লেনটি এক ঘণ্টা পর জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় বারামতি বিমানবন্দরের কাছে তা বিধ্বস্ত হয়। এ ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরাও রয়েছেন। বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন বলে জানা গেছে। আজ বারামতিতে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। বিমানের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
জরুরি অবতরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে অবস্থানরত শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।
























