পুটখালীতে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- আপডেট: ১২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ আক্তারুল ইসলাম (৪০)। তিনি পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি সূত্র জানায়, পুটখালী বিওপি’র একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৭/০৭-এস এর ১৬২ নম্বর আর পিলারের কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ দূরে পুটখালী উত্তরপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ইতালি তৈরি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক আক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






















