যশোর সীমান্তে বিজিবির অভিযান: গরুসহ ১১ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ
- আপডেট: ০৯:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১৮৯

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ধারাবাহিক অভিযানে যশোর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট-২০২৫) বেনাপোল, শাহজাদপুর, ধান্যখোলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বিজিবি সদস্যরা বিদেশী মদ, গাঁজা, গরু, শাড়ি, থ্রী-পিস, কম্বল, চকলেট, ঔষধ, আতশবাজি, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও কসমেটিকস পণ্য আটক করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩১ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা সাফল্য অর্জন করছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগভাবে ধ্বংস করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



















