উদ্বোধনের দিনেই রেকর্ড ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল
- আপডেট: ০৪:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৮৬

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
গতকাল সোমবার (৪ আগস্ট ২০২৫) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উদ্বোধনের দিনেই মোট ১০ হাজার ২০২ জন করদাতা তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেন, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত বছর (২০২৪-২৫ কর বছর) প্রথম দিনে মাত্র ২ হাজার ৩৪৪টি রিটার্ন জমা পড়েছিল। তুলনামূলকভাবে এবছর শুরুতেই ই-রিটার্নে ব্যাপক সাড়া ফেলেছে করদাতারা, যা কর সংস্কারে জনগণের আস্থা ও আগ্রহ বৃদ্ধির স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এনবিআর গত ৩ আগস্ট এক বিশেষ আদেশে সারাদেশে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রবাসী করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
ই-রিটার্ন সিস্টেমে কারিগরি জটিলতার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করলে অনুমোদনসাপেক্ষে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গতবছর সীমিত পরিসরে ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল। তখন ১৭ লাখের বেশি ব্যক্তি করদাতা ই-রিটার্নে রিটার্ন জমা দেন। এবার আমরা আরও আগেই প্রস্তুতি নিয়েছি। তাই প্রথম দিনেই সাড়া অতুলনীয়।”
ই-রিটার্ন দাখিলে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পরপরই acknowledgment slip এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর সনদও প্রিন্ট করতে পারছেন করদাতারা।
রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে, এনবিআর-এর বিশেষায়িত কলসেন্টার ও ইলেকট্রনিক হেল্পডেস্কের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।





















