যশোর সীমান্তে বিজিবি’র কঠোর অভিযানে ২৫ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ, নিষিদ্ধ জাল ধ্বংস
- আপডেট: ০৯:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৯৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৪ আগস্ট-২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, থ্রী-পিস, ওয়ান-পিস, পোশাক সামগ্রী, বাজি, কসমেটিকস, ঔষধ, কীটনাশক, জান্ডুবাম এবং চৌগাছার শাহজাদপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর চায়না দোয়ারি জাল ও কারেন্ট জালসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়।
জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৩৯ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার আওতায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিষিদ্ধ মাছ ধরার জাল উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





















