যশোর-কলকাতা মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, বেআইনি যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান
- আপডেট: ০৮:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২০৪

মো: সাখাওয়াত: যশোরের শার্শা ও বেনাপোল সংলগ্ন এশিয়ান হাইওয়ে (যশোর-কলকাতা মহাসড়ক) এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। রবিবার (০৩ আগস্ট-২০২৫) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন যশোর হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাসিম খান।
অভিযানে ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায়, তাদের ছেড়ে দেওয়া হয় এবং যাদের কাগজপত্র বা ফিটনেসের ঘাটতি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এ প্রসঙ্গে এএসপি নাসিম খান বলেন, “আমরা সর্বদা চেষ্টা করি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















