বেনাপোল সীমান্তে বিজিবি’র সফল অভিযান: বিদেশী মদসহ ১৬ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৯:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০৩ আগস্ট-২০২৫) ৪৯ বিজিবি’র আওতাধীন শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় পৃথক চালানো অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান—আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ক্রাউন কার্বন এবং কসমেটিকস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকা।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এই সাফল্য এসেছে।”
আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী এসব পণ্য ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।






















