সীমান্তে বিজিবি’র সফল অভিযান: ফেন্সিডিলসহ প্রায় ১০ লাখ টাকার পণ্য জব্দ
- আপডেট: ০৭:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২৭৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে শনিবার (০২ আগস্ট-২০২৫) দিনভর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, থ্রী-পিস, পোশাক সামগ্রী, কীটনাশক, ওষুধ, চকলেট এবং কসমেটিক্স উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, কাশিপুর, আন্দুলিয়া, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এসময় মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করে বিজিবি।
অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি। “আমরা সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ তৎপর রয়েছি। নিয়মিত এসব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে,”—বলেন তিনি।
আটককৃত পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইন অনুযায়ী ধ্বংস করা হবে।





















