শার্শা থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ২ জন আটক, নগদ টাকা ও ইজিবাইক জব্দ
- আপডেট: ১২:২২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ আটাত্তর হাজার টাকা এবং একটি ইজিবাইকও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশনায় ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই গোরাচাঁদ দাশের সঙ্গীয় আভিযানিক দল বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) দুপুর ২টা ৫ মিনিটে শার্শা উপজেলার বাগআঁচড়া (সাতমাইল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মনোয়ারা অটো রাইস মিলের সামনে সাতমাইল টু বসতপুর রোডের পাকা রাস্তা থেকে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. আব্দুল আলীম (৩৮), পিতা আব্দুল খালেক, ও মকবুল (৩২), পিতা কাশেম শেখ। তারা উভয়ে যশোরের শার্শা উপজেলার বসতপুর ২নং কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ১,৭৮,০০০ টাকা এবং একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় একটি মামলা (নম্বর-১৬, তারিখ-২৪/০৭/২০২৫) রুজু করা হয়েছে।
শার্শা থানার ওসি কে. এম রবিউল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



















