বেনাপোলে বাগেরহাট শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনি আটক
- আপডেট: ০৮:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৮৬

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট শাখার সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশের সময় তার পাসপোর্টে স্টপলিস্ট ধরা পড়ে। সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে সিস্টেম ঘেঁটে জানা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় রয়েছে দুটি মামলা।
গ্রেপ্তারকৃত মনির হোসেন মনি বাগেরহাট সদর উপজেলার নগর বাজার মেইন রোড এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর A01151173।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় ইমিগ্রেশন কর্মকর্তারা নিয়মিত স্ক্যানিংয়ে তার নাম স্টপলিস্টে দেখতে পান। পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে, তার নামে বাগেরহাটে দুটি ফৌজদারি মামলা রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, একটি মামলা দায়ের করা হয় ২২ অক্টোবর ২০২৪ সালে (মামলা নম্বর ২১), যেখানে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির একাধিক ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/১১৪—প্রযোজ্য। অপর মামলা হয় ৩০ সেপ্টেম্বর ২০২৪ (মামলা নম্বর ৩০), একই ধারায় দায়ের করা।
গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, ‘স্টপলিস্টে থাকা কেউ দেশত্যাগ করতে পারেন না। নিয়ম অনুযায়ী তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, ‘আসামিকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাগেরহাট সদর থানায় পাঠানো হবে।’



















