বেনাপোল ও পাঁচপীরতলা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ ২০ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৮:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৪৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে।
মঙ্গলবার (২২ জুলাই-২০২৫) দিনব্যাপী অভিযানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একাধিক টহলদল বেনাপোল ও আশপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, কম্বল, জিরা, পান মসলা, পাতার বিড়ি, বিভিন্ন ধরনের ঔষধ, কসমেটিক্স, মাছের খাবার তৈরীর কাঁচামাল ও রঙের কেমিক্যালসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।
অভিযান পরিচালিত হয় পাঁচপীরতলা, ধান্যখোলা, বেনাপোল বিওপি ও আইসিপি এলাকা এবং আমড়াখালী চেকপোস্টে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এ চক্রকে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে এ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ বেনাপোল কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। আর মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান চলমান থাকবে।






















