জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই মাসের আয়কর বিভাগের রাজস্ব আহরণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ১০:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১০৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব আহরণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই-২০২৫) সকালে এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ।
সভায় ঢাকাস্থ কমিশনার, মহাপরিচালক, আয়কর বিভাগের সদস্য, প্রথম ও দ্বিতীয় সচিবগণ অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন অঞ্চলের আয়কর কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যোগ দেন।
সভায় চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বকেয়া কর আদায়ের গতি বাড়াতে সংশ্লিষ্ট কমিশনারদের কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। তিনি জোনভিত্তিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আদায়ে কোন ধরনের সমস্যা হচ্ছে কি না—তা জানতে চান।
তিনি স্পষ্টভাবে বলেন, “আয়কর রিটার্ন দাখিলে অনাগ্রহী প্রায় ১ কোটি করদাতাকে করের আওতায় আনতে হবে। এরমধ্যে ৭২ লক্ষ করদাতা টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করেন না এবং ৩০ লক্ষ রিটার্নদাতা কর পরিশোধ করেন না।”
চলতি অর্থবছরের লক্ষ্য অর্জনে তিনি কর অঞ্চলসমূহকে আয়কর নথি যথাযথভাবে সংশ্লিষ্ট অঞ্চলে ট্রান্সফার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নথি হস্তান্তরে যেন কোনো হয়রানি না হয়, এবং চলতি জুলাই মাসের মধ্যেই এ কার্যক্রম শেষ করতে হবে।”
অডিট সিলেকশন নিয়ে তিনি ফের দেন স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকার। তিনি বলেন, “অডিট নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড পদ্ধতিতে। কোনোভাবেই যেন মানুষের ইচ্ছা বা প্রভাব এতে না থাকে।”
নন-ফাইলারদের রিটার্ন দাখিল নিশ্চিত করতে সর্বোচ্চ জনবল ব্যবহারের নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে নতুন করদাতা শনাক্ত করতে জরিপ এবং স্পট এসেসমেন্ট কার্যক্রম জোরদার করার নির্দেশও দেন।
সভায় সিআইসি’র মহাপরিচালক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনারসহ আয়কর বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই রাজস্ব আহরণ, করজাল সম্প্রসারণ এবং নন-ফাইলারদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
























