যশোরে ২৬ ডিসেম্বর থেকে মফিজুর রহমান রুন্নুর একক চিত্রকর্ম প্রদর্শনী
- আপডেট: ১১:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরে চিত্রশিল্পী, গবেষক ও লেখক মফিজুর রহমান রুন্নুর একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীর আয়োজন ও প্রস্তুতি নিয়ে শনিবার (৭ নভেম্বর-২০২৬) বিকেল ৫টায় যশোরের চারুপীঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাস্কর মাহবুব জামাল শামীমের সভাপতিত্বে সভায় আলোচনা শেষে প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করতে সভায় হারুন অর রশীদকে আহ্বায়ক এবং অধ্যক্ষ শাহীন ইকবালকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, হারুন অর রশীদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, শিল্পী গৌতম বিশ্বাস, শান্তনা শাহরিন নিনি, সাংবাদিক সাজেদ রহমানসহ যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুর এর আগেও একাধিক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মানুষ ও প্রকৃতিকে উপজীব্য করে আঁকা তাঁর চিত্রকর্ম দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবারের একক প্রদর্শনীতেও তাঁর বিভিন্ন শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন শিল্পানুরাগীরা।
আয়োজকদের আশা, এ প্রদর্শনীর মাধ্যমে যশোরের শিল্প-সংস্কৃতির চর্চা ও বিকাশে নতুন মাত্রা যুক্ত হবে।





















