সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মজনু হোসাইনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট: ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হোসাইনের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকালে ইউনিয়নের চিংড়া বাজারে অবস্থিত মজনু হোসাইনের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
তরুণ এই বিএনপি নেতার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রার্থী ও দলের পক্ষে নানা ধরনের নির্বাচনী স্লোগান দেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান পদপ্রার্থী মজনু হোসাইন। তিনি বলেন, “সাগরদাঁড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। দল আমাকে বিবেচনা করলে এবং জনগণ সুযোগ দিলে আমি এই অবহেলিত ইউনিয়নের সার্বিক উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করব। অবহেলিত সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে নিজেকে আজীবন নিয়োজিত রাখাই আমার প্রধান লক্ষ্য।”
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন,জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাঃ সিরাজুল ইসলাম, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কৃষ্ণ চ্যাটার্জি, মোঃ ইউনুচ আলী সহ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত যুব সমাজ ও স্থানীয় বিএনপির প্রবীণ-নবীন নেতাকর্মীরা মজনু হোসাইনের তরুণ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, এই মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মজনু হোসাইন সাগরদাঁড়ি ইউনিয়নে নিজের শক্তিশালী অবস্থান জানান দিলেন, যা তাঁর নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।





















