র্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে নড়াইলের ফকির আলীনুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট: ১১:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাজিব শেখকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২১ জুলাই-২০২৬) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রাজিব শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ফকির আলীনুর ও রাজিব শেখ একই গ্রামের বাসিন্দা। প্রায় পাঁচ মাস আগে ব্যবসার প্রয়োজনে রাজিব শেখ আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এজাহার অনুযায়ী, গত (১৮ জুলাই) রাত প্রায় ৯টা ১০ মিনিটে আলীনুর পাওনা টাকা চাইলে রাজিব শেখ তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যেতে বলেন। পরে আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রাজিব শেখসহ অন্যান্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আলীনুর গুরুতর আহত হন। হামলায় তার ভাই ও ভগ্নিপতিও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় রাজিব শেখসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।





















