খাগড়াছড়ির লংগদু ৩ বীর ও বিজিবির যৌথ নির্বাচনী টহল, ভোটারদের মাঝে স্বস্তি
- আপডেট: ০৭:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে লংগদু উপজেলায় সমন্বিত যৌথ নির্বাচনী টহল পরিচালনা করেছে ৩ বীর (তেজস্বী বীর) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিনভর পরিচালিত এ টহলের অংশ হিসেবে যৌথ বাহিনী লংগদুর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র, প্রধান সড়ক, বাজার এলাকা ও সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করে। এতে করে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা টহলকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি থাকার কথাও জানান তারা।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনী সরঞ্জাম পরিবহন রুট পর্যবেক্ষণ, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিতকরণ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে পুরো এলাকাজুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
৩ বীর (তেজস্বী বীর) ও বিজিবি সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ সক্রিয় উপস্থিতিতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।






















