শার্শায় বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবাসহ দুই যুবক আটক
- আপডেট: ০৫:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৬৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় ১৭ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এ সাফল্য অর্জন করে বিজিবি।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানার নাথপুর গ্রামের গৌতম পালের ছেলে চয়ন পাল (২০) এবং শাহাদাৎ আলীর ছেলে আরিফ হোসেন (২০)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯৫ হাজার ১০০ টাকা বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।



















