বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস
- আপডেট: ০৬:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৬৫

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও রাজনৈতিক বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া রাজনৈতিক কর্মসূচিও হঠাৎ সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণার কথা উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে।
মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকতে, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং যেকোনো ধরনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।
























