ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
- আপডেট: ১২:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩৪

নিজস্ব প্রতিবেদকঃ দুদিনে একাধিক ভূমিকম্পের পর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে আজ রবিবার ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমে বলেন, সর্বশেষ প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী ২৬ বা ২৭ নভেম্বরের দিকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান–নিকোবরের দক্ষিণ দিকে) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির উৎপত্তি নিয়ে সব আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও এর শক্তি ও উপকূলে আঘাত হানার সম্ভাব্য স্থানের বিষয়ে মডেলগুলো ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো অঞ্চলে এটি আঘাত হানতে পারে। তবে ২৬ নভেম্বরের পরে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে জানান তিনি।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে মাড়াই শেষ করার পরামর্শ দিয়েছেন জলবায়ু গবেষকেরা। শীতকালীন শাকসবজির চাষিরাও বৃষ্টি মাথায় রেখে জমিতে সেচ ও বীজ বোনার পরিকল্পনা করে রাখতে বলা হয়েছে।
এর আগে ২ ডিসেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে।



















