শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটারসহ গ্রেপ্তার ৫, পিস্তল উদ্ধার
- আপডেট: ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১০২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শুটার হলেন- শুটার রুবেল ও ইব্রাহিম। তারা দু’জনই পেশাদার শুটার হিসেবে কাজ করেন।
মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার এবং দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে সোমবার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন হত্যা করা হয়।
স্বজনরা জানান, পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
দিনদুপুরে সবার সামনে এই গুলির ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটোছুটি শুরু করেন। নিহত ব্যক্তিকে পুলিশ শীর্ষ সন্ত্রাসী হিসেবে তথ্য দিলেও ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ করে এভাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা চলছে। অনেকেই বলছেন, নিহত ব্যক্তির পরিচয় যা-ই হোক, এমন নৃশংসতায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

















