ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
- আপডেট: ০৬:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১০২

নিজস্ব প্রতিবেদক: কর ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। এক বিশেষ আদেশের মাধ্যমে সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে সংস্থাটি। আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে শুরু হচ্ছে নতুন বিধান কার্যকর।
তবে, কিছু শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। যেমন—৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি—এ সকল শ্রেণীর করদাতাগণ চাইলেই আগের মতো পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে কারিগরি জটিলতায় যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে অপারগ, তাদেরকে ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উপকর কমিশনার বরাবর সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তবেই পেপার রিটার্ন গ্রহণযোগ্য হবে।
এর আগে নির্দিষ্ট এলাকা ও কিছু পেশাগত শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেন—যা এনবিআরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন।
করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, এমনকি বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।
অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কাস্টমার সার্ভিস, কল সেন্টার ও ইলেকট্রনিক হেল্পডেস্ক সার্বক্ষণিক সেবা প্রদান করবে বলে জানানো হয়েছে।
এছাড়া অনলাইন রিটার্ন জমা দিতে ভিজিট করুন: www.etaxnbr.gov.bd
























