যশোরে ক্লু-লেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন: ডিবির এসআই রাজেশ দাস পেলেন বিশেষ পুরস্কার
- আপডেট: ০৮:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৩২

নিজস্ব প্রতিবেদক: যশোরে সম্প্রতি ঘটে যাওয়া ক্লু-লেস টাকা ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে আলোচনায় এসেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস কর্মকর্তা এসআই রাজেশ দাস। শুধু এই মামলাই নয়, জুন-২০২৫ মাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আসামি চিহ্নিত ও গ্রেফতারে সাফল্য অর্জন করেছেন তিনি।
জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও রাজেশ দাসের কৌশলী তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মূল হোতাদের শনাক্ত করা হয়। কয়েক দিনের মধ্যে গ্রেফতার করা হয় জড়িত সবাইকে।
রাজেশ দাসের এই সাফল্য ডিবি পুলিশের অভ্যন্তরে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও আস্থা ফিরে এসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি।
তার চৌকস নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ‘বিশেষ পুরস্কার’ প্রদান করেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সাহসী ও সৎ কর্মকর্তারাই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
এস আই রাজেশ দাস বলেন, আমার সকল অর্জনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সঙ্গীয় সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।
এদিকে, জনসাধারণ ও সুশীল সমাজও তার এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন।















