টানা বর্ষণে বেনাপোল বন্দরে জলবদ্ধতা, পানি নিষ্কাশনে বন্দর কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা
- আপডেট: ১১:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১০৬

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণের ফলে বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বন্দর এলাকায় স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও, কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ভারী বৃষ্টির কারণে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন বন্দরের উপপরিচালক মোঃ মামুন কবীর তরফদার। তার সঙ্গে ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী এবং বন্দরের সাধারণ লেবার ও শ্রমিক নেতারা।
পানি নিষ্কাশনের জন্য কয়েকটি শক্তিশালী মোটর পাম্প ব্যবহার করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই জমে থাকা পানি সরিয়ে ফেলা সম্ভব হয় এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে থাকে।
এ বিষয়ে উপপরিচালক মোঃ মামুন কবীর তরফদার বলেন, “বৃষ্টির কারণে সাময়িক কিছু সমস্যা হয়েছে, তবে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। যাতে পণ্য ওঠানো-নামানো ও অন্যান্য কার্যক্রমে সমস্যা না হয়।”
শ্রমিক নেতা মোঃ সহিদ আলী জানান, “বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে আমরা শ্রমিকরা সব সময় প্রস্তুত আছি। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই আমরা দ্রুত পানি নিষ্কাশনে সহযোগিতা করেছি।”
স্থানীয় ব্যবসায়ী ও পণ্য পরিবহনকারীরা এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা আশা করছেন, বর্ষাকালে এ ধরনের সমস্যা যেন দীর্ঘস্থায়ী না হয়, সেজন্য আরও কার্যকর নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা জরুরী।















