এনবিআর ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
- আপডেট: ০৩:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১১৩

নিজস্ব প্রতিবেদক : টানা চতুর্থ দিনের মতো কলমবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীরা। দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে দুপুর থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কাউকে বের হতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী ব্যক্তিরা।
বৃহস্পতিবার (২৬ জুন) এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ গণমাধ্যমে জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
একাধিক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, দুপুর ১২টার দিকে রাজস্ব ভবনের দুই গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছেন। সেবাপ্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না।
চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তারা। আজও রাজস্ব ভবনে সমবেত ও কলমবিরতি কর্মসূচি পালন করছেন তারা।
কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

























