গ্রেপ্তারের পর আইভীকে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা
- আপডেট: ১০:৩৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ২২৮

নিজস্ব প্রতিবেদক : অভিযান শুরুর সাড়ে ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। তাকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনাটি ঘটে।
এ সময় র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন) ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। এতে পুলিশের ২ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকার বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রায় ৬ ঘণ্টা পর সকাল ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আইভীকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে র্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ ও র্যাব আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের ২ সদস্যসহ অন্তত ৫ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এই অভিযানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে ২ পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে সেলিনা হায়াতের কোনো ক্ষতি হয়নি।’’
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াতের নামে একাধিক মামলা হয়েছে। পুলিশের তথ্যমতে, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

















