যশোরে ডিবির পৃথক অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ ৫ জন আটক
- আপডেট: ১২:১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ০

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে আটক করেছে।
শনিবার ও রোববার পরিচালিত এসব অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, শনিবার (১ আগস্ট-২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল কোতোয়ালী মডেল থানার ইছালী ইউনিয়নের মনোহরপুর গ্রামের খলিলুর রহমানের বাড়ির উত্তর পাশের পায়ে চলা পথ থেকে মো. রিয়াদ হাসানকে (১৯) আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
অপরদিকে রোববার (২ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল কোতোয়ালী থানার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজার এলাকায় সাউথইস্ট ব্যাংক পিএলসি-র সামনে অভিযান চালায়। এ সময় গৌতম গাঙ্গুলি (৪১) ও মো. শিমুল হোসেনকে (৩৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরও আদালতে পাঠানো হয়।
এছাড়া একই দিন জেলা গোয়েন্দা শাখার এসআই কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে কোতোয়ালী মডেল থানার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকায় মেহেরজান হোটেলের সামনে থেকে মো. রমজান হোসেন (২৩) ও মো. নাফিজ ইকবালকে (২০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রমজান হোসেন ও নাফিজ ইকবাল যশোর কোতোয়ালী থানার আবাদ কচুয়া এলাকার বাসিন্দা। রিয়াদ হাসানের বাড়ি মনোহরপুর পূর্বপাড়া এলাকায়। গৌতম গাঙ্গুলি নরেন্দ্রপুর এবং শিমুল হোসেন চাউলিয়া গ্রামের বাসিন্দা।
ডিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


















