খুলনার লবণচরায় র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেফতার
- আপডেট: ১২:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২ আগস্ট-২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— পিরোজপুরের ইন্দুরকানী থানার বালিয়াপাড়া গ্রামের ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর থানার বকুলতলা গ্রামের তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী থানার আমুয়া বেপারিপাড়া গ্রামের মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত তথ্য (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরী ছাড়াও পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার হওয়া আলামতসহ খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


















