সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা ও চোরাচালান মালামাল জব্দ
- আপডেট: ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টসংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
পৃথক অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা, ১১টি শাড়ি, ১ কেজি ফুচকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
আটক মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ চোরাচালান মালামাল আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















