ডিহিতে জুয়ার আসরে পুলিশের অভিযানে সরঞ্জাম-সহ আটক-২
- আপডেট: ০২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা, এক সেট তাস ও একটি মাদুর জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অভিযুক্ত পালিয়ে যান।
শুক্রবার (১৭ জুলাই-২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মো. বশিয়ার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে আটক করেন।
আটককৃতরা হলেন টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের মো. সমশের আলীর ছেলে মো. সামাউল ইসলাম (৩৫) এবং ইয়াকুব আলীর ছেলে মো. সেলিম রহমান (৩৭)। তারা উভয়ই যশোর জেলার শার্শা থানার বাসিন্দা।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে ৫২টি তাসসম্বলিত একটি সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়। জব্দ করা টাকার মধ্যে ১০ টাকার একটি, ২০ টাকার একটি, ২০০ টাকার একটি, ৫০০ টাকার ৭৭টি এবং ১ হাজার টাকার ১১টি নোট রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















