সীমান্তে বিজিবির অভিযানে নেশা জাতীয় সিরাপসহ চোরাচালান পণ্য আটক
- আপডেট: ১১:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৩ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালান মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৬টি শাড়ি, ১টি কম্বল, ৭টি জর্দ্দা, ১০ প্যাকেট ফুসকা, ১২০টি চকলেট এবং ৩৪০টি কসমেটিক্স সামগ্রী।
জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।
আটককৃত নেশাজাতীয় সিরাপ যশোর কোতোয়ালী মডেল থানায় মামলার আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য চোরাচালান মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মালামাল পাচার রোধে নিয়মিত এই সফল অভিযান চালানো হয়েছে।
দেশের স্বার্থে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ও নজরদারি সবসময়ই অব্যাহত থাকবে।






















