যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ চোরাচালান পণ্য জব্দ, আটক-১
- আপডেট: ০৯:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চৌগাছা থানার আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (খোকন) (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক জাহাঙ্গীর আলম চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মৃত ইসহাক আলী মণ্ডলের ছেলে। তবে অভিযানের সময় একই গ্রামের গনি বিশ্বাসের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, দেড় কেজি কিশমিশ, আধা কেজি জিরা, এক প্যাকেট সনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অন্যদিকে জব্দকৃত চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার ও কঠোরভাবে অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

















