ডিবির অভিযানে যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- আপডেট: ০৫:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বহুল আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (৩১ মে-২০২৬) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামরুল ইসলাম (৪৭) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আজিজের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা, ছয়টি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ অন্যান্য সাতটি মামলা, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী থানা-এর একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে মামলায় উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততার কথা উঠে আসে।
এরই পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে শনিবার বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। পাশাপাশি যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।





















