যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক-১
- আপডেট: ০৯:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর মাসিলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, চৌগাছা সীমান্তের মাসিলা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল ‘এসকাফ’ সিরাপ, ৪৫ বোতল ‘উইনসেরেক্স’ কফ সিরাপ এবং একটি বাটন মোবাইল ফোনসহ একজনকে আটক করেন।
আটক ব্যক্তি হলেন যশোরের চৌগাছা থানার গদাধরপুর গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে ইব্রাহিম মণ্ডল (৪০)। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ১ হাজার ৩২৩টি বিভিন্ন ধরনের ওষুধ, ৪৮টি খাদ্যসামগ্রী, ৬৬৮টি চকলেট, ১০ প্যাকেট পাতার বিড়ি, আধা কেজি কিশমিশ এবং ৭৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।






















