বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-১
- আপডেট: ০৭:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৮৫টি শাড়ি, ১৪৮ বোতল হার্শিস চকলেট সিরাপ, ১ হাজার ৭৪২টি বিভিন্ন ধরনের চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্যসামগ্রী এবং ১ হাজার ৫৬১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. শাওন আহম্মেদ শান্ত। পরে তাকে মামলার আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকা।
উদ্ধার করা চোরাচালান পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






















