বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি, চকলেট ও ভারতীয় কসমেটিক্স জব্দ
- আপডেট: ১২:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক প্রায় ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের শাড়ি, চকলেট, ওষুধ, বিড়ি ও ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৫ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৮টি শাড়ি, ২০টি বিভিন্ন ধরনের চকলেট, ৪ পাতা ওষুধ, ১৪ প্যাকেট বিড়ি এবং ৮৪৭টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















