বিজিবির অভিযানে চৌগাছায় মাদকদ্রব্য এবং বেনাপোলে চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য এবং অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একাধিক ইউনিটের সমন্বিত অভিযানে গাঁজা, নেশাজাতীয় সিরাপ, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
রবিবার (২৪ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চৌগাছার হিজলীতে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল ESCUF সিরাপ, একটি মোটরসাইকেল এবং বেনাপোলে চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১,৮২৩টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৩টি শাল-চাদর, ১৪৫টি শাড়ি, ২১৬টি খাদ্যসামগ্রী, ৩,৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিশমিশ এবং ৬ কেজি জিরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১৫ হাজার ৮৮০ টাকা।
এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল চৌগাছা থানায় মামলার আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান অন্যান্য পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















