লোহাগড়ার হেচলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- আপডেট: ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১১

মোঃ মশিয়ার রহমান, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া হেচলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানার বিরুদ্ধে নানা অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার ১৩৮ নম্বর হেচলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানা নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং ঠিকমতো পাঠদান বা শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন না। যেখানে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের কড়া নির্দেশনা রয়েছে, সেখানে তিনি বিদ্যালয়ের তিনটি কক্ষের ১২টি ফ্যান চালু রেখে এবং পানির মোটর সচল রেখে মেইন গেটে তালা ঝুলিয়ে চলে যান। এর ফলে একদিকে যেমন অপচয় হচ্ছে, অন্যদিকে পানি উপচে পড়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্লাবিত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের পদ থাকলেও প্রায় সময়ই মাত্র ৩ জন উপস্থিত থাকেন। ফলে স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। ক্লাস না থাকায় শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে গিয়ে প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চরম গাফিলতির কারণে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের কোনো সংস্কার কাজ করা হয়নি। ফলে ভবনটি স্যাঁতসেঁতে হয়ে পড়েছে এবং দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।
এছাড়া বিদ্যালয়ের ‘স্লিপ’-এর ফান্ড থেকে আসা সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অঙ্গীকার করেছেন।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস জানান, “বিষয়টি অবগত হলাম। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|”





















