যশোর শহরে ৩৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মহিলা মাদক কারবারি আটক
- আপডেট: ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার কোতয়ালী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আরও দুইজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে-২০২৬) রাত ১০টা ১০ মিনিটে কোতয়ালী থানার এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর শহরের শংকরপুর রায়পাড়া (পশ্চিম সাইড) এলাকার তুলাতলার মোড় সংলগ্ন রওশন আরা বেগমের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে রওশন আরা বেগম (৫০) ও পারু বেগমকে (৪৭) হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় মো. রকি (২৩) ও সুরাইয়া বেগম (২২) পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, আটক রওশন আরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত সেলোয়ারের পকেট থেকে একটি নীল জিপার প্যাকেটে রাখা ২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া পারু বেগমের কাছ থেকে আরও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ও পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্র আরও জানায়, আটক দুই আসামিকে শনিবার (২৩ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।





















