যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপসহ আটক-২
- আপডেট: ১১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে-২০২৬) জেলার চৌগাছা ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, শুক্রবার জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা থানার পুড়াপাড়া মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মো. ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে তার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফারুক হোসেন পুড়াপাড়া (মোল্লাপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অপরদিকে একইদিন ডিবির আরেকটি টিম এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালী থানার চূড়ামনকাঠি আম বটতলা বাজার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক মাদক ব্যবসায়ী জগহাটি রুহুলপাড়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক শামীম রেজা (২৬) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া গ্রামের মো. মন্তাজ মৃধার ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই আসামীর বিরুদ্ধে চৌগাছা ও যশোর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সম্পন্ন হয়েছে।












