শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১, পলাতক আরেকজন
- আপডেট: ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ২৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় আরেক আসামি পালিয়ে যায়।
(২২ মে-২০২৬) শুক্রবার দিবাগত রাত রাত ১১টা ৫ মিনিটে শার্শা থানার গোগা ইউনিয়নের আমলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে আমলাই গ্রামের পলাতক আসামি মো. ইসমাইল হোসেন বেকার বাড়ির সামনে পুকুরের দক্ষিণ পাশে পাকা রাস্তা থেকে মো. আবু সাঈদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আবু সাঈদ শার্শা থানার আমলাই (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল হামিদ মোল্যার ছেলে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যান এবং পলাতক আসামি ইসমাইল হোসেন বেকার ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।
পলাতক আসামি মো. ইসমাইল হোসেন বেকা (৪০) আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












