শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ আটক
- আপডেট: ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে (২২ মে-২০২৬) শার্শা থানার অধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর কায়বা বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার করে।
জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান মালামাল ও মাদক পাচাররোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















