বেনাপোলের সাথী যশোরে হিরোইনসহ আটক
- আপডেট: ০৯:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বেনাপোলের কথিত ‘মাদক সম্রাজ্ঞী’ মোছাঃ সাথী খাতুনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় তার কাছ থেকে ২২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে-২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর শহরের রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোর-চাঁচড়া সড়কের পাশে কালু মিয়ার মাংসের দোকানের সামনে বোরকা পরিহিত এক নারী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে ডিবির সদস্যরা দ্রুত সেখানে অভিযান চালিয়ে মোছাঃ সাথী খাতুনকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের কাছে হিরোইন থাকার কথা স্বীকার করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবল জারমিন খাতুনের সহায়তায় তল্লাশি চালিয়ে সাথীর পরিহিত বোরকার ভেতরের ডান পাশের বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রবিউল শিকদারের মেয়ে।
ডিবি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















